ছবি: সংগৃহীত
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নাজিরহাট পৌরসভা এলাকার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মেহমানখানায় দুই পক্ষের মধ্যে কিছু সময় মতবিনিময় ও কুশল বিনিময় হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ছিলেন এবং দোয়া নিতে ফটিকছড়িতে এসেছেন।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারকে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সহযোগিতা ও সমর্থন দিচ্ছেন। তিনি আরও বলেন, জ্ঞান ও অভিজ্ঞতার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই তিনি হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে এসেছেন।
রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম কায়সার লিংকন বলেন, বিভিন্ন সময় রাজনীতিতে ধর্ম ব্যবহারের নজির রয়েছে। তবে কোরআন ও সুন্নাহর আলোকে ধর্মের অপব্যবহার নিরুৎসাহিত করতে হেফাজত আমির ইতিবাচক ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়েও বক্তব্য দেন এবং জনগণের আস্থা অর্জনের প্রসঙ্গ উল্লেখ করেন।
সাক্ষাতের সময় হেফাজতে ইসলামের নেতারা, প্রশাসনের কর্মকর্তারা, বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা এবং স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!