যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

৪৫ টাকার বকেয়া চা নিয়ে বিরোধ, নাটোরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ PM ১৯০
৪৫ টাকার বকেয়া চা নিয়ে বিরোধ, নাটোরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর ঘটনাস্থলের চিত্র। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাত্র ৪৫ টাকা চায়ের বিলকে কেন্দ্র করে চা বিক্রেতা ও এক মুদি দোকানির মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জয়ন্তীপুর বাজারের চা বিক্রেতা শামীম হোসেনের কাছে চা পানের ৪৫ টাকা বাকি ছিল মুদি দোকানি মোস্তফার। সন্ধ্যায় ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে চায়ের দোকানের সামনে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

বিষয়টি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হন। পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা চলার সময়ও পরিস্থিতি পুরোপুরি শান্ত ছিল না। হাসপাতালের বারান্দায় দুই পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ঘটনার বিষয়ে চা বিক্রেতা শামীম হোসেনের বক্তব্য, মোস্তফা দীর্ঘদিন ধরে বাকিতে চা পান করলেও পাওনা টাকা পরিশোধ করেননি। বৃহস্পতিবার বকেয়া টাকা চাইলে তাকে গালমন্দ করা হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে বলে দাবি করেন তিনি।

তবে শামীমের অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা। তার দাবি, শামীম তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেছিলেন। এর প্রতিবাদ করায় শামীম লোকজন নিয়ে তার ওপর হামলা করেন। সংঘর্ষে তাদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, শামীম ও মোস্তফা একই গ্রামের বাসিন্দা এবং জয়ন্তীপুর বাজারে পাশাপাশি ব্যবসা করেন। সামান্য ৪৫ টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

নাটোরে বাগাতিপাড়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!