ঝিনাইদহের কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে খাদে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুষ্টিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল বাসটি। কেয়াবাগান এলাকায় পৌঁছানোর পর বাসটির সামনের একটি চাকা খুলে যেতে দেখা যায়। এরপর চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে ঠিক কী কারণে চাকা খুলে যায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় বাসটির সামনের কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য দিপু বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সাতজন আহতকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
তবে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোফাজ্জেল হোসেন। তিনি বলেন, আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ কালীগঞ্জ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!