নিহত রাফি আকন। ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নিজ বাড়ির পেছনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়ায় ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাফি দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে স্থানীয় আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রাফির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে পরদিন শনিবার শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খালে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়ায় এমন সন্দেহ তৈরি হয়েছে।
তবে রাফির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট শরণখোলা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!