যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় কৃষক দল কার্যালয়ে হামলার অভিযোগ, পাল্টা বাড়ি ও গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ PM ৫৩
কুষ্টিয়ায় কৃষক দল কার্যালয়ে হামলার অভিযোগ, পাল্টা বাড়ি ও গুদামে আগুন

পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষক দলের কার্যালয়ে হামলার পর ক্ষতিগ্রস্ত স্থাপনা; ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িতে কৃষক দল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা রুহুলের বিরুদ্ধে। পরে তাঁর বাড়ি ভাঙচুর এবং পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

Article:

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা এলাকায় কৃষক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কার্যালয়ে হামলার পর যুবলীগ নেতা মো. রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তাঁর পাটের গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। কৃষক দলের নেতা-কর্মীদের দাবি, প্রথম হামলায় তাঁদের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নলকোলায় পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে একদল লোক সেখানে প্রবেশ করে আসবাবপত্র এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলীয় নেতাদের ছবি ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কয়েকজন নেতা-কর্মীকে মারধরেরও অভিযোগ রয়েছে।

কৃষক দলের নেতা-কর্মীরা এ ঘটনার জন্য পাটিকাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. রুহুলকে দায়ী করেছেন। তাঁদের ভাষ্য, রুহুলের নেতৃত্বেই কার্যালয়ে হামলা চালানো হয়। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় করা একটি নাশকতার মামলায় তিনি আসামি ছিলেন। মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর এলাকায় ফিরে তিনি এ হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ করেছেন কৃষক দলের নেতারা।

ঘটনার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কৃষক দল কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময় তাঁর বাড়ির পাশের একটি পাটের গুদামেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মো. রুহুল কিংবা তাঁর পক্ষের কোনো ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার ঘটনাটির প্রতিবাদ জানিয়ে বলেন, দলীয় কার্যালয়ে হামলা এবং নেতা-কর্মীদের আহত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাটিকাবাড়ি কৃষক দল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!