যুক্তরাষ্ট্র   সোমবার ১৬ নভেম্বর ২০২৬,১ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনে ধোঁয়া, আতঙ্কে ব্যবসায়ীরা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ PM ৮৪
চকবাজারে আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনে ধোঁয়া, আতঙ্কে ব্যবসায়ীরা

ছবি:সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানালেও গোডাউনের ভেতরে এখনো আগুনের তাপ ও ধোঁয়া দেখা যাচ্ছে। এতে আগুন পুরোপুরি নেভানো হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, ভেতরে আগুনের সুপ্ত অংশ থাকায় আরও মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ৩টা পর্যন্ত চকবাজারের মনসুর খান প্লাজা ও পাশের আরএম ভবনের ষষ্ঠ ও সপ্তম তলার গোডাউন থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। ভবনের ভেতরে আগুনের তাপও অনুভূত হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীরা।

এফএম লেদার দোকানের স্বত্বাধিকারী খরশেদ আলম জানান, তাঁর ষষ্ঠ তলার গোডাউনে থাকা প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন পণ্য রাখা ছিল। অন্য ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ আরও বেশি বলে জানান তিনি।

ভবনটির একটি গোডাউনে কর্মরত মো. সাকিব বলেন, আগুনের তীব্রতা আগের তুলনায় কমেছে। তবে ধোঁয়ার কারণে গোডাউনের আশপাশে থাকা অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কালার কসমেটিকস ও ব্যাগের গোডাউনে থাকা অক্ষত পণ্যগুলোর অনেকগুলোও ধোঁয়ায় কালো হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাব্বানী জানান, গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ মালামাল থাকায় প্রচুর ধোঁয়া তৈরি হচ্ছে। পানি দেওয়ার পরও সেখান থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভবনের ভেতরে এখনো প্রচণ্ড তাপ রয়েছে। পানির সংকট এবং আশপাশের সরু রাস্তা ও অলিগলির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছে। তাঁদের আশঙ্কা, ভেতরে আগুনের কোনো অংশ সক্রিয় থাকলে তা আবার ছড়িয়ে পড়তে পারে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

আগুনে ক্ষতিগ্রস্ত গোডাউনগুলোর মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগুনের অবশিষ্ট তাপ ও ধোঁয়ার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে।

চকবাজারে আগুন অগ্নিনিরাপত্তা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!