যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,২৫২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ PM | সর্বশেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ PM ৬৫
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,২৫২

ছবি:সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জন মারা গেছেন। সেপ্টেম্বরে প্রথম তিন দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

এ ছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত এক দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালেও উল্লেখযোগ্যসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৫ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছেন ২২৭ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৪৭ জন। চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ এবং সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৯ হাজার ৫৩২ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৬৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৫৪ জন।

ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!