যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৩৫ PM ৭২
গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা

গুমের ঘটনায় ভুক্তভোগীদের অধিকার ও গুম কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলের পদযাত্রা। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে সংসদ অভিমুখে পদযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে গঠিত কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে পদযাত্রাটি শুরু হয়। জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা এতে অংশ নেন। কর্মসূচি শেষে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আইনে রূপ দেওয়ার দাবি জানানো হবে। একই সঙ্গে বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ আরও কয়েকটি দাবি তুলে ধরা হবে।

পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান অংশ নেন। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়টি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

গুম প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে গুমের ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা, ভুক্তভোগীদের স্বীকৃতি এবং কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিগুলো সামনে আনতে চায় ১১ দলীয় জোট।

গুম প্রতিরোধ দিবস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!