যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

রাজপথের বদলে সংসদে বিরোধীদের কথা বলা উচিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ PM ৭৭
রাজপথের বদলে সংসদে বিরোধীদের কথা বলা উচিত: রিজভী

নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, সংসদে নিজেদের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরার সুযোগ থাকা সত্ত্বেও বিরোধীরা রাজপথের কর্মসূচিকে বেছে নিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। লংমার্চকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মকাণ্ড, জ্বালানি পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন অর্জন নিয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন তিনি।

রিজভীর অভিযোগ, লংমার্চের কর্মসূচিকে ঘিরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে। তাঁর ভাষ্য, এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে উল্টো দমন-পীড়ন হিসেবে তুলে ধরা হচ্ছে।

জ্বালানি সংকট নিয়েও বিরোধী দলের সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে সমালোচনা থাকলেও সংকট মোকাবিলায় বিরোধীদের কাছ থেকে কার্যকর কোনো প্রস্তাব পাওয়া যাচ্ছে না। তাঁর দাবি, সংসদে বিষয়টি নিয়ে আলোচনা না করে রাজপথে আন্দোলনের পথ নেওয়া হয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী। তাঁর অভিযোগ, সরকারের ইতিবাচক অর্জনগুলো জনগণের সামনে তুলে না ধরে সেগুলো আড়াল করার চেষ্টা করছে বিরোধী দল। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার ব্যর্থ—এমন বক্তব্য দিয়ে রাজপথে কর্মসূচি চালালেও সাধারণ মানুষ বিরোধীদের এই ভূমিকাকে ভালোভাবে নিচ্ছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন রিজভী। একই সঙ্গে কর্মসূচিকে ঘিরে টানানো বিলবোর্ড, ব্যানারসহ প্রচারসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যবহৃত এসব প্রচারসামগ্রী খুলে ফেলতে হবে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

নয়াপল্টন রুহুল কবির রিজভী লংমার্চ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!