যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের পথ খুঁজছে বিসিবি

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ PM ৫৪
নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের পথ খুঁজছে বিসিবি

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেই নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠাসা সূচির কারণে সিরিজটি কবে আয়োজন করা সম্ভব হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

শনিবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বেশ কিছুদিন আগে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহের কথা জানিয়েছে। এ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

বর্তমানে বাংলাদেশের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) বেশ ব্যস্ত। সামনে ধারাবাহিকভাবে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ। ফলে নতুন সিরিজের জন্য সময় বের করা সহজ নয়। তারপরও নেপালের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিসিবি।

২০২৭ সাল পর্যন্ত চলমান বর্তমান সূচি চক্রের মধ্যে নেপালের জন্য সুবিধাজনক কোনো সময় পাওয়া যায় কি না, সেটিই এখন দেখছে বিসিবি। শাহরিয়ার নাফীসের বক্তব্য অনুযায়ী, উপযুক্ত সময় মিললে সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তবে এ মুহূর্তে কোনো নির্দিষ্ট বছর বা তারিখ চূড়ান্ত হয়নি।

আলোচনা সফলভাবে এগিয়ে গেলে সিরিজের সূচি পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে সিরিজ মাঠে গড়াবে কি না, সেটিও নির্ভর করছে বিসিবি ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের চলমান আলোচনার ওপর।

এদিকে নেপালের এই আগ্রহের সঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও আলোচনায় এসেছে। ভয়াবহ বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে দেশটির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বাংলাদেশের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের আগ্রহের কথা জানান তিনি।

বিসিবি নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!