ভারতের ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ফাইনালে নামার আগে নিজের জীবনের কঠিন সময়ের স্মৃতি সামনে আনলেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। তাঁর দাবি, কোনো একটি বিশ্বকাপের সময় জীবনের সবচেয়ে কঠিন রাতের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে কোন বিশ্বকাপ বা ম্যাচের কথা বলেছেন, তা প্রকাশ করেননি এই ক্রিকেটার।
রাজ শামানির পডকাস্টে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন মান্ধানা। সেখানে তাঁকে জীবনের সবচেয়ে কঠিন রাত সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রশ্নটি শুনে কিছুক্ষণ চুপ থাকেন তিনি। এ সময় আবেগ সামলানোর চেষ্টাও করতে দেখা যায় তাঁকে।
পরে মান্ধানা বলেন, ‘সম্ভবত কোনো একটি বিশ্বকাপ।’ তবে ওই ঘটনার বিস্তারিত বলতে রাজি হননি তিনি। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ আর না বাড়িয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন এই ভারতীয় ক্রিকেটার। বলেন, ‘আমি শুধু ক্রিকেট নিয়েই কথা বলব।’
কোভিড-১৯ মহামারির সময়টাও তাঁর জন্য সহজ ছিল না বলে জানান মান্ধানা। তবে সেই সময়ের অভিজ্ঞতা নিয়েও বিস্তারিত কিছু বলেননি তিনি।
পডকাস্টে নিজের ব্যক্তিত্বের আরেকটি দিক নিয়েও কথা বলেন ভারতীয় এই ব্যাটার। বাইরে থেকে তাঁকে শান্ত স্বভাবের মনে হলেও নিজের মধ্যে যথেষ্ট রাগ রয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে রাগ থাকলেও কারও ওপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই তাঁর।
মান্ধানা বলেন, ‘কেউ আমাকে রাগী মানুষ হিসেবে দেখে না, কিন্তু আমি খুব রেগে যেতে পারি। তাই আমার সঙ্গে পাঙ্গা নিও না—এমন একটা ব্যাপার। আমি যতক্ষণ তোমার পথে আসছি না, ততক্ষণ তুমিও আমার পথে এসো না। আমি প্রতিশোধ নেব না, তবে বিষয়টি ভুলেও যাব না। কিন্তু আমি কারও সঙ্গে খারাপ কিছু করব না।’
কাউকে ক্ষমা করার পর সেই ঘটনা মনে রাখেন কি না—এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেন মান্ধানা। তাঁর ভাষায়, ‘আমি ক্ষমা করে দেব, কিন্তু ভুলব না।’
এরপরই নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের আগে মান্ধানার জীবনের কঠিন সময়ের এই স্মৃতিচারণ নতুন করে আলোচনায় এসেছে।
স্মৃতি মান্ধানা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!