যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

সিপিএলে তিন ম্যাচেই মিরাজের ৯ উইকেট

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ PM ৭৩
সিপিএলে তিন ম্যাচেই মিরাজের ৯ উইকেট

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টে নিজের কার্যকারিতার প্রমাণ দিচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ক্যারিবিয়ান সুপার লিগে মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্য অব্যাহত রয়েছে। গায়ানার হয়ে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ৭ উইকেট নেওয়ার পর তৃতীয় ম্যাচেও বল হাতে সফল হয়েছেন তিনি। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

মিরাজের শিকার হওয়া দুই ব্যাটার হলেন কুইন্টন ডি কক ও সাদরাক ডেসকার্টস। তাঁর এই পারফরম্যান্সে তিন ম্যাচ শেষে উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। এর আগে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে গায়ানা জয় পেয়েছিল ৬ উইকেটে।

তবে বার্বাডোজের বিপক্ষে মিরাজের ব্যক্তিগত সাফল্য দলকে জেতাতে পারেনি। আগে ব্যাটিং করে মাত্র ৯৯ রানে থেমে যায় গায়ানার ইনিংস। ১৮.১ ওভারে অলআউট হওয়া দলটির হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন গ্লেন ফিলিপস। রোমারিও শেফার্ডের ব্যাট থেকে আসে ২২ রান। মিরাজ করেন ১৮ রান।

গায়ানার ইনিংস ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন বার্বাডোজের আল্লাহ গজনফার ও জোহান লিন। দুজনেই নেন ৩টি করে উইকেট। ফলে বড় কোনো সংগ্রহ দাঁড় করাতে পারেনি গায়ানা।

জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বার্বাডোজকে। ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা। গায়ানার হয়ে মিরাজের পাশাপাশি ইমরান তাহির ও পারমল একটি করে উইকেট নেন।

এই ম্যাচটি ছিল সিপিএলে গায়ানার প্রথম হার। এর আগে মিরাজ মাঠে থাকা প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিল দলটি। হারলেও লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গায়ানা। ১০ ম্যাচে ৮ জয়ে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট।

লিগ পর্ব শেষে এবার প্লে-অফের প্রস্তুতি নিচ্ছে গায়ানা। আগামী ১৮ সেপ্টেম্বর অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে মাঠে নামবে তাহিরের দল।

মেহেদী হাসান মিরাজ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!