সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা আলোচনায় বসে
যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথমবারের মতো আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভূখ- নিয়ে স্পর্শকাতর এই বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার মধ্যেও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। খবর আরটির।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দনবাস পুরোপুরি ছেড়ে দেওয়া রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। রয়টার্সকে রাশিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মস্কো তথাকথিত অ্যাঙ্কোরেজ ফর্মুলা বিবেচনা করছে। যার আওতায় দোনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে বর্তমান যুদ্ধরেখা স্থায়ী হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন- রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনায় ভূখ- বিরোধই ছিল প্রধান বিষয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত হতে হবে, যে যুদ্ধ তারা নিজেরাই শুরু করেছে।
তিনি আরও জানিয়েছেন, আলোচক দলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে শুক্রবারের বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসেনি। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব এবং প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ বলেছেন, আলোচনায় যুদ্ধ অবসানের শর্ত ও ভবিষ্যৎ আলোচনার কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় ৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদের একটি বড় অংশ দখলকৃত ইউক্রেনীয় এলাকায় পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ রাশিয়াকেই দিতে হবে। এই প্রস্তাবকে জেলেনস্কি অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য দ্বিতীয় দিনের মতো শনিবার বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের প্রতিনিধিদের।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!