ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে বিপুল জনসমর্থন পেয়েছে, তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। জনগণের সুস্পষ্ট রায় সাংবিধানিক ধারাবাহিকতা, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে। এ সময় তিনি তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সমন্বিত নেতৃত্ব অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরিশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।
বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূস
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!