যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬,২৩ চৈত্র ১৪৩২

জব্দ করা সুপারট্যাংকার ভেনেজুয়েলার কাছে ফেরত দিল যুক্তরাষ্ট্র

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:১০ PM

৪৮
জব্দ করা সুপারট্যাংকার ভেনেজুয়েলার কাছে ফেরত দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

জব্দ করা পানামা-পতাকাবাহী সুপারট্যাংকার এমটি সোফিয়া ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারটি ভেনেজুয়েলার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কেন যুক্তরাষ্ট্র ট্যাংকারটি ফেরত দিয়েছে—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। সামুদ্রিক পথে জব্দ ও আটক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা মার্কিন কোস্ট গার্ডের কাছেও এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে ভেনেজুয়েলা সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

চলতি বছরের ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী যৌথভাবে এমটি সোফিয়াকে জব্দ করে। সে সময় ট্যাংকারটিতে তেল বহন করা হচ্ছিল। যুক্তরাষ্ট্র প্রশাসন তখন জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা এই ট্যাংকারটি একটি ‘রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ডার্ক ফ্লিট’ জাহাজ।
একটি সূত্র জানিয়েছে, ট্যাংকারটি ফেরত দেওয়ার সময় এর ভেতরে এখনও তেল ছিল কিনা—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে প্রথমে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। এরপর চলতি মাসের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সামরিক অভিযানের নির্দেশ দেন। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় প্রবেশ করে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে।
পরবর্তীতে ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেলসম্পদ দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির ভেঙে পড়া তেল শিল্প পুনর্গঠনে প্রায় ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার কথাও জানান তিনি।

রয়টার্স আরও জানায়, চলতি মাসের শুরুতে এমটি সোফিয়া এবং আরেকটি জব্দ করা ট্যাংকারকে পুয়ের্তো রিকোর কাছাকাছি এলাকায় দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা বা তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অন্তর্ভুক্ত অধিকাংশ ভেনেজুয়েলা-সংযুক্ত ট্যাংকারই ২০ বছরের বেশি পুরোনো। এসব জাহাজে প্রয়োজনীয় নিরাপত্তা সনদ ও বিমা না থাকায় আন্তর্জাতিক নৌপরিবহনে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। দুর্ঘটনা বা তেল ছড়িয়ে পড়লে ক্ষতিপূরণ আদায় ও দায় নির্ধারণ করাও অত্যন্ত জটিল হয়ে পড়ে।

সুপারট্যাংকার সোফিয়া যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা মার্কিন কোস্টগার্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!