ছবি : সংগৃহীত
বিয়ের আগে শারীরিক সম্পর্ক ও মদপানের অভিযোগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক যুগলকে প্রকাশ্যে ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথকভাবে এই শাস্তি কার্যকর করা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী ওই তরুণীকে তিনজন নারী কর্মকর্তা বেত্রাঘাত করেন। শাস্তি কার্যকর করার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
ওই যুগলের পাশাপাশি একই দিনে আরও চারজনকে শরিয়া আইন ভঙ্গের দায়ে বেত্রাঘাত করা হয়। তাদের মধ্যে আচেহ প্রদেশের ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি ব্যক্তিগত স্থানে নারী পার্টনারের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন। এ ঘটনায় তাকে ২৩ বার বেত্রাঘাত করা হয়।
আচেহ প্রদেশে শরিয়া আইন অনুযায়ী, বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বেত্রাঘাত এবং মদপানের জন্য ৪০ বেত্রাঘাতের বিধান রয়েছে। সেই অনুযায়ী অভিযুক্ত যুগলের ক্ষেত্রে উভয় অপরাধের শাস্তি একত্রে প্রয়োগ করা হয়েছে।
আচেহ ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল জানান, অভিযুক্ত সদস্যকে তার পার্টনারের বাড়ি থেকে আটক করা হয়েছিল। শাস্তির পাশাপাশি তাকে বাহিনী থেকে বরখাস্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ আচেহ, যেখানে শরিয়া আইন কার্যকর রয়েছে। সেখানে নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে প্রকাশ্যে বেত্রাঘাতের শাস্তি প্রয়োগ করা হয়, যা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রায়ই মানবাধিকার বিতর্ক দেখা দেয়।
ইন্দোনেশিয়া আচেহ শরিয়া আইন বেত্রাঘাত শাস্তি বিয়ের আগে সম্পর্ক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!