টিভি কিংবা ওটিটি অথবা ইউটিউব- সব মাধ্যমেই নাটকের সবচেয়ে সফল জুটি হিসেবে ধরা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। যদিও মাঝে লম্বা সময় এই জুটিকে একসঙ্গে পায়নি ভক্তরা। কারণ, দুজনেই নাটক অতিক্রম করে নিজেদের মেলে ধরেছেন সিনেমায়। এরমধ্যে নিশো বাণিজ্য ও অ্যাকশন ঘরানাকে বেছে নিলেও মেহজাবীন চৌধুরী নিজের লাগাম টেনে রেখেছেন রক্ষণশীল ফরমেটে।
নিজের সিনেমা নিয়ে যোগ দিয়েছেন বিশ্বের বেশ ক’টি নামকরা উৎসবে, পেয়েছেন তুমুল করতালি ও পুরস্কার। বিপরীতে নিশো মাত করেছেন দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহ। যেন দু’জনার দুটি পথ সফলভাবে দুটি দিকে গেছে বেঁকে। তবে সেই বেঁকে যাওয়া পথ দুটি আবার মিলছে একই বাঁকে। খবর মিলছে, দু’জনকে নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা। যেখানে বাণিজ্য আর শিল্প একে অপরের হাত ধরে এগিয়ে যাবে। কারণ, এটি নির্মাণ করছেন মেধাবী নির্মাতা ভিকি জাহেদ।
সিনেমাটি প্রসঙ্গে এখনই কেউ কিছু বলতে নারাজ। কারণ, বড়সড় আনুষ্ঠানিকতার পরিকল্পনা চলছে। তবে নাম প্রকাশে অনীহ অনেকেই খবরটি নিশ্চিত করেছেন। শীঘ্রই গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি প্রসঙ্গে প্রকাশ করবেন সংশ্লিষ্টরা।
জেনে নেওয়া যাক নিশো ও মেহজাবীন জুটির সফল কয়েকটি কাজের নাম। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২ শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘শিল্পী’, ‘নীল জলের কাব্য’ প্রভৃতি। বিশেষ করে ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিরিজটি ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানায় দর্শকের ভিন্ন রকম অভিজ্ঞতা এনে দেয়। ২০২১ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকের একাধিক কিস্তি প্রচারিত হয় প্রশংসার সঙ্গে।
এই জুটিকে প্রথমবার ওটিটিতে একসঙ্গে দেখা যায় একই নির্মাতার ‘রেডরাম’-এ। একটি হত্যাকা-কে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘মরীচিকা’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’সহ নানা কাজের মাধ্যমে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন।
দু’জনে বড় পর্দায় এক হওয়ার আগে আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার শূটিং, যার মাধ্যমে কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন প্রীতম হাসান।
প্যানেল হু
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!