যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬,২ চৈত্র ১৪৩২

নতুন ওয়েব ফিল্মে অপু-পলাশ

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ PM

২৬
নতুন ওয়েব ফিল্মে অপু-পলাশ

দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই মধ্যে এলো নতুন খবর। নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। 
ইতোমধ্যে এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে শূটিং। এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা।
জানা গেছে, ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে যাবেন নির্মাতা রোমান। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্য ধারণ করা হবে।
নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ- দুটো দিকেই তিনি অনেক যতœ নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ অনেককে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’। চিত্র গ্রহণের দায়িত্বে থাকছেন ডিওপি সাইফুল শাহিন।
এদিকে অপু বিশ্বাস এখন আরও দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। এই দুটি সিনেমার শূটিং চলছে।
উল্লেখ্য, নির্মাতা আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পথচলা শুরু করেন অপু বিশ্বাস। তবে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!