সিনেমা ‘রাক্ষস’-এর গানের দৃশ্যে সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। ছবি : সংগৃহীত
শুটিং শেষের অপেক্ষায় সিনেমা ‘রাক্ষস’, আর ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির এক রোম্যান্টিক মুহূর্তের ছবি। ভাইরাল হওয়া ছবিতে দুজনের ঘনিষ্ঠতা দেখে অনেকেরই মনে হচ্ছে—ক্যামেরা থামলেও যেন প্রেম থামেনি।
এই ছবি ঘিরে যখন নেটিজেনদের জল্পনা তুঙ্গে, তখন রসিকতা করে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভারতীয় এক গণমাধ্যমের প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি বলেন, “ওরা তো চুটিয়ে প্রেম করছে!”—এই মন্তব্যের পর থেকেই সিয়াম–সুস্মিতাকে নিয়ে অনলাইনে চর্চা আরও বেড়ে যায়।
তবে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি আসলে সিনেমার একটি গানের দৃশ্যের অংশ। পরিচালক জানান, পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়ে খুব অল্প সময়েই সিয়াম ও সুস্মিতার মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে। প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে তারা ছিলেন সাবলীল, যার ফলেই পর্দায় তাদের জুটি বেশ জমে উঠেছে।
সুস্মিতাকে নিয়ে সিয়াম আহমেদ বলেন,
“সুস্মিতা খুব ভালো মেয়ে এবং ভীষণ মিশুক। আমরা গত ১৩ দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং করছি। কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ।”
বছরে সীমিতসংখ্যক সিনেমায় কাজ করার নীতিতে বিশ্বাসী সিয়াম সাধারণত শুটিং চলাকালে নিজের লুক প্রকাশ করেন না। ‘জংলি’ সিনেমার মতো এবারও তিনি গোপনীয়তা বজায় রাখছেন। তবে ভক্তদের আগ্রহের কথা মাথায় রেখে শ্রীলঙ্কা থেকেই নায়িকার সঙ্গে সেই আলোচিত ছবিটি তিনি নিজেই শেয়ার করেন।
সিয়াম জানান,
“এখনই সিনেমার মূল লুক প্রকাশ করছি না। তবে ভক্তদের নানা প্রশ্নের কারণে চমক হিসেবে গানের একটি দৃশ্যের ছবি প্রকাশ করা হয়েছে। সামনে পোস্টার, টিজার ও ট্রেলারে আরও চমক থাকবে।”
‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে এই প্রথম বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে দেখা যাবে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের তরুণীর চরিত্রে। পরিচালক জানান, সুস্মিতার চরিত্রটি মূলত ড্রামা ও রোম্যান্টিক ঘরানার—কোনো অ্যাকশন দৃশ্যে তাকে দেখা যাবে না।
সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক বলেন,
“‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের গল্প। এখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।”
বর্তমানে পুরো শুটিং ইউনিট শ্রীলঙ্কায় অবস্থান করছে। ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ইউনিট ঢাকায় ফিরবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি দেশের অংশের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।
সিয়াম আহমেদ সুস্মিতা চ্যাটার্জি রাক্ষস সিনেমা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!