যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬,২ চৈত্র ১৪৩২

শাকিবের প্রেমে নব্বইয়ের ‘মধ্যবিত্ত’ কন্যা, নতুন রূপে জ্যোতির্ময়ী

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ PM

৩১
শাকিবের প্রেমে নব্বইয়ের ‘মধ্যবিত্ত’ কন্যা, নতুন রূপে জ্যোতির্ময়ী

সিনেমা ‘প্রিন্স’-এর দৃশ্যে শাকিব খান ও জ্যোতির্ময়ী । ছবি : সংগৃহীত

লম্বা চুল, মুখভর্তি দাড়ি, চোখে সানগ্লাস আর হাতে বিশাল বন্দুক—মাত্র ১৭ সেকেন্ডের মোশন পোস্টারেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’–এর ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল ছিল একটাই—এই মারকাটারি অ্যাকশন অবতারে শাকিবের বিপরীতে নবাগতা নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে কোন চরিত্রে দেখা যাবে?

অবশেষে সেই কৌতূহলের অবসান হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার–এর বরাতে জানা গেছে, সিনেমাটিতে জ্যোতির্ময়ীকে দেখা যাবে নব্বই দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। গল্পে তিনি শাকিব খানের প্রেমিকা হিসেবেই হাজির হবেন, তবে চরিত্রটি শুধুই রোমান্টিক আবর্তে সীমাবদ্ধ নয়।

গত ১০ দিন ধরে শ্রীলঙ্কার মনোরম লোকেশনে চলছে শাকিব–জ্যোতির্ময়ী জুটির দৃশ্যধারণ। ‘অ্যানিমেল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়–এর ক্যামেরায় বন্দি হচ্ছে তাদের রোমান্টিক মুহূর্তগুলো। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গল্পের প্রয়োজনে জ্যোতির্ময়ীকে অ্যাকশন মুডেও দেখা যেতে পারে।

পরিচালনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহ ও লোকেশন বাস্তবভাবে তুলে ধরতেই শুটিংয়ের জন্য শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী কুণ্ডু। সহ-শিল্পীর প্রশংসা করে তিনি বলেন,
“উনি এত বড় তারকা হয়েও সেটা কখনো বুঝতে দেন না। কাজের সময় খুব সাধারণ থাকেন, প্রচণ্ড সহযোগিতা করেন। তার সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা।”

উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও জ্যোতির্ময়ীর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটি। শুটিং ইউনিটের আরও প্রায় ২০ দিনের কাজ বাকি রয়েছে বলে জানা গেছে।

শাকিব খান জ্যোতির্ময়ী প্রিন্স সিনেমা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!