ছবিঃ সংগৃহীত
হলিউডের প্রখ্যাত ডলবি থিয়েটার সাক্ষী থাকল এক অবিস্মরণীয় মুহূর্তের। ৯৮তম অস্কারের মঞ্চে একের পর এক বিজয়ীর নাম ঘোষণার সময় রূপকথার নায়কের মতো আবির্ভূত হলেন নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। তার রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য তিনি কেবল সিনেমাপ্রেমীদের মনই জয় করেননি, বরং এই জায়গায় আধিপত্য বিস্তার করেছেন।
একই রাতে তিনি সেরা পরিচালক এবং সেরা রূপান্তরিত চিত্রনাট্যের মর্যাদাপূর্ণ অস্কার জিতে দেখালেন কেন বর্তমান সময়ের অন্যতম সেরা নির্মাতা হিসেবে তিনি পরিচিত। অ্যান্ডারসনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে লড়তে হয়েছে রায়াইন কুগলার (‘সিনার্স’), ক্লোয়ি ঝাও (‘হ্যামনেট’), জশ সাফডি (‘মার্টি সুপ্রিম’) এবং জোয়াকিম ট্রিয়ারের (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) মতো প্রতিভাবান নির্মাতাদের সঙ্গে। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে সেরা পরিচালকের মুকুট উঠলো অ্যান্ডারসনের মাথায়, যা তার ক্যারিয়ারের প্রথম সেরা পরিচালকের অস্কার।
সেইসঙ্গে, একই সিনেমার জন্য সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কারটিও নিজের করে নিয়েছেন অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত প্রখ্যাত লেখক টমাস পিনচনের ‘ভাইনল্যান্ড’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। কাহিনী আবর্তিত হয়েছে একজন প্রাক্তন বিপ্লবীকে কেন্দ্র করে, যিনি তার মেয়ের সঙ্গে নিভৃত এক শহরতলিতে জীবন কাটাচ্ছিলেন। তবে এক সামরিক কর্মকর্তার তাড়া খেয়ে তাদের আবারও পালাতে হয়। দীর্ঘ দশক ধরে চিত্রনাট্যের কাজ করার পর অবশেষে সেরা লেখক হিসেবে অস্কারের ট্রফি হাতে পান অ্যান্ডারসন।
অন্যদিকে, সেরা মৌলিক চিত্রনাট্য বা অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার জিতেছে রায়াইন কুগলারের ‘সিনার্স’ সিনেমা। ভ্যাম্পায়ার ড্রামা ঘরানার এই সিনেমা রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে এবং চিত্রনাট্য বিভাগে এই জয় সিনেমার শ্রেষ্ঠত্বকে আরও মজবুত করেছে।
অস্কার ২০২৬ সেরা পরিচালক পল থমাস অ্যান্ডারসন অস্কার জয় ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার চিত্রনাট্য
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!