‘আফসানা বানায়া আপনে’ গানের দৃশ্যে ইমরান হাশমি ও জেনেলিয়া ডি’সুজা; ছবি: সংগৃহীত
বলিউডে নতুন জুটি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ইমরান হাশমি ও জেনেলিয়া ডি’সুজা। আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা ‘গানমাস্টার জি৯’-এ প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের।
ছবিটির প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে। গান প্রকাশের পর থেকেই ইমরান ও জেনেলিয়ার পর্দার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে পাহাড়ি শহর মিসৌরীর মনোরম পরিবেশে। এতে জেনেলিয়াকে দেখা গেছে লাজুক স্বভাবের এক ক্যাফে মালিকের ভূমিকায়। গল্পের আবহে ইমরানের চরিত্রের প্রতি তাঁর ধীরে ধীরে আকৃষ্ট হওয়ার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।
গানজুড়ে দুজনের স্বাভাবিক ও রোমান্টিক উপস্থিতিই নজর কেড়েছে। বিশেষ করে ইমরান হাশমি ও সুরকার হিমেশ রেশামিয়ার দীর্ঘদিনের কাজের সম্পর্কের সঙ্গে এবার যুক্ত হয়েছে জেনেলিয়ার উপস্থিতি।
গানটির নাম শুনলে হিমেশ রেশামিয়ার জনপ্রিয় গান ‘আশিক বানায়া আপনে’র কথা মনে পড়তে পারে। তবে নির্মাতারা নতুন গানটিতে আলাদা আবেগ ও আবহ তৈরি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইমরান হাশমিও গানটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, হিমেশ, পরিচালক আদিত্য এবং তাঁর একসঙ্গে কাজ করার দীর্ঘ স্মৃতি রয়েছে। তবে ‘আফসানা বানায়া আপনে’ গানটির নিজস্ব আবেগও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হিমেশ রেশামিয়া ও আসিস কৌরের কণ্ঠে গানটি তৈরি হয়েছে। ছবিটির প্রযোজনায় রয়েছেন দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির। ইমরান ও জেনেলিয়ার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন আপারশাক্তি খুরানা ও অভিষেক সিং।
‘গানমাস্টার জি৯’ প্রযোজনা ও পরিবেশনা করছে সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। প্রথম গান প্রকাশের পর এখন পুরো সিনেমায় ইমরান-জেনেলিয়ার জুটি কেমন সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা।
বলিউড ইমরান হাশমি জেনেলিয়া ডি’সুজা গানমাস্টার জি৯ আফসানা বানায়া আপনে
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!