যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

তিতাস গ্যাস দেশের অর্থনীতির প্রাণ আর প্রতিষ্ঠানের প্রাণ হলো প্রকৌশলীরা: শামসুর রহমান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ১০:১৭ PM

২৬২
তিতাস গ্যাস দেশের অর্থনীতির প্রাণ আর প্রতিষ্ঠানের প্রাণ হলো প্রকৌশলীরা: শামসুর রহমান

দেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর সেবার মান উন্নয়ন, প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থান ও আগামীর ভাবনা নিয়ে দৈনিক সবুজ নিশানের সঙ্গে কথা বলেছেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান।


প্রশ্ন: আপনাকে শুভেচ্ছা। শুরুতেই আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে... 

শামসুর রহমান: আপনাকেও শুভেচ্ছা। তিতাস গ্যাস মূলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ১৯৬৪ সালে যাত্রা শুরু করে অদ্যাবধি প্রতিষ্ঠানটি তার কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে দেশের প্রাকৃতিক গ্যাস বিতরণ ব্যবস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠান তিতাস গ্যাস। দেশের মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ বিতরণের দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি। শিল্পকারখানা, সার উৎপাদন এবং বিদ্যুৎকেন্দ্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তিতাস গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

প্রশ্ন: নবগঠিত কমিটির প্রেক্ষাপট…

শামসুর রহমান: গত ৩০ এপ্রিল ২০২৬ সালে তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির লক্ষ্য শুধু আনুষ্ঠানিক বা সামাজিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকা নয়; বরং প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থা পুনর্গঠনে কার্যকর ভূমিকা পালন করা।

 

প্রশ্ন: প্রকৌশলীদের স্বার্থে কমিটির কার্যক্রম ও আপনার প্রতিষ্ঠান আরও জনবান্ধব করতে কী ধরনের ভূমিকা রাখবেন?

শামসুর রহমান: অতীতের নানা অনিয়ম ও বিতর্কের কারণে তিতাস গ্যাসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ধাপে ধাপে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে, যাতে গ্রাহকরা এক স্থান থেকেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন।

‘তিতাস গ্যাস শুধু একটি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়; দেশের শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনীতির অন্যতম ভিত্তি। দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি আরও কার্যকরভাবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।’

আমি আশাবাদী যে, নতুন নেতৃত্বের অধীনে পেশাদারত্ব, প্রযুক্তিগত উৎকর্ষ এবং জনবান্ধব সেবার মাধ্যমে তিতাস গ্যাসের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

শিল্পোন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদনের স্বার্থে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিতাস গ্যাস দেশের অর্থনীতির প্রাণ আর প্রতিষ্ঠানের প্রাণ হলো প্রকৌশলীরা তাদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করলে আখেরে প্রতিষ্ঠানই লাভবান হবে।

 

প্রশ্ন: প্রকৌশলীদের চাকরির ক্ষেত্রে কিছু বৈষম্যের অভিযোগ আছে, এসব অভিযোগ নিরসন করে একটি গতিশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে আপনারা স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবেন কি না?

শামসুর রহমান: তিতাস গ্যাস একটি বিশেষায়িত প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান। তাই পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব নয়, বরং যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে প্রতিষ্ঠান যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি জাতীয় স্বার্থও ব্যাহত হয়।

প্রকৌশলীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দল-মতের ঊর্ধ্বে উঠে ‘বাংলাদেশ সবার আগে’ এই চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। কেবল পেশাদারত্ব, জবাবদিহিতা এবং দক্ষতাই একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি হতে পারে।

 

প্রশ্ন: প্রকৌশলীদের নিয়ে সাধারণ্যে কিছু অভিযোগ আলোচনায় আছে, এই বিষয়ে আপনার সাংগঠনিক অবস্থান কী?

শামসুর রহমান: অভিযোগ করা খুব সহজ কিন্তু কোনো অভিযোগের কার্যকর তদন্তের জন্য নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ অপরিহার্য। আমার দীর্ঘ চাকরিজীবনের অভিজ্ঞতায় দেখেছি এক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণাদি পাওয়া কতোটা কঠিন। আমাদের বক্তব্য স্পষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। তাছাড়া গণমাধ্যম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ আরও কার্যকর হবে। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট আবার ঢালাও ভিত্তিহীন অভিযোগ করে মর্যদাহানিও কাম্য নয়।

 

প্রশ্ন: সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আপনাদের অবস্থান...

শামসুর রহমান: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি মৃত সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছে।

দৈনিক সবুজ নিশান: আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শামসুর রহমান: সবুজ নিশান পরিবারের সবাইকে ধন্যবাদ, এই সুযোগে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সংগঠনের সদস্যদের যারা বিশ্বাস রেখে আমাকে নির্বাচিত করেছেন। সবাই মিলে চেষ্টা করলে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিতাস গ্যাস নিশ্চিতভাবেই বাংলাদেশের উদাহরণ হয়ে উঠবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!