যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ PM

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প খাতের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় এক পর্যায়ে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন। তিনি শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে পরবর্তী সভা আয়োজনের নির্দেশনা দেন।

সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

এর আগে গত ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকাত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে। ওই বৈঠকের পর সমস্যা সমাধানে প্রস্তাব তৈরির জন্য উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কমিটির প্রথম সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন এবং এগুলো সমাধানে তিনি আন্তরিক। এ কারণেই দ্রুত সমাধানের প্রস্তাব তৈরির জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

সভায় বিটিএমএ সভাপতি শওকাত আজিজ রাসেল টেক্সটাইল খাতের প্রধান সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পরে কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধিদের মধ্যে এসব সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!