যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

রাবিতে শিক্ষার্থী হামলার অভিযোগ, আম্মারসহ শিবির নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ PM

রাবিতে শিক্ষার্থী হামলার অভিযোগ, আম্মারসহ শিবির নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবির নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে আয়োজকরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, হামলার সঙ্গে জড়িত রাকসু প্রতিনিধিদের পদ থেকে অপসারণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে। শাখা ছাত্রদলের সভাপতি ও অন্যান্য নেতারাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতারা দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তারা এতে অংশ নিয়েছেন।

মানববন্ধনে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে ক্যাম্পাসে দলীয় রাজনীতি প্রাধান্য পাচ্ছে। তিনি দাবি করেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও বিজয়-২৪ হল ছাত্রদলের সভাপতি গাজী ফেরদৌস হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার হওয়া প্রয়োজন। ক্যাম্পাসে সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষায় অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!