যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৬:০৫ PM

লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা

ছবি : সংগৃহীত

লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর এমন উদ্যোগের কথা সামনে এসেছে।

বুধবার (২৯ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নতুন এই ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা।

সূত্রগুলো জানায়, গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ-নিষেধাজ্ঞা ঘোষণা করে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। এরপর থেকে তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

হুথিরা বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বেশিরভাগ বাণিজ্যিক জাহাজের জন্য ফি নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

রয়টার্স জানিয়েছে, বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য হুথিদের মিডিয়া অফিসে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আঞ্চলিক সূত্রগুলোর দাবি, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর হুথিরা জাহাজ চলাচলের ওপর মাশুল আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আন্তর্জাতিক জলপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানো এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে চীনা জাহাজগুলোকে এই ফি থেকে ছাড় দেওয়ার বিষয়ে হুথিরা আগ্রহী বলে জানিয়েছে সূত্রগুলো। চীনের সঙ্গে জ্বালানি পরিবহন নিরাপদ রাখতে বেইজিংয়ের পক্ষ থেকেও হুথিদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা বলেন, হুথিরা যদি লোহিত সাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তারা জাহাজ থেকে মাশুল আদায়ের চেষ্টা করবে।

পশ্চিমা কূটনীতিকরা সতর্ক করে বলেছেন, হুথিদের এমন পদক্ষেপ পারস্য উপসাগরীয় দেশ ও ইউরোপীয় দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে।

এদিকে বাব আল-মানদেব প্রণালির গুরুত্ব বিশ্ব বাণিজ্যে অত্যন্ত বেশি। এই পথ ব্যবহার করে এশিয়া ও ইউরোপের মধ্যে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়। প্রণালিটি এড়িয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে জাহাজ চলাচল করলে সময় ও খরচ দুটোই বেড়ে যায়।

২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন তৈরি হয়। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালানোর কথা জানিয়েছিল গোষ্ঠীটি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের জিজান বন্দরের কাছে একটি তেল ট্যাংকারে হামলার দায়ও স্বীকার করেছে হুথিরা। ফলে লোহিত সাগর ঘিরে নতুন করে নিরাপত্তা ও বাণিজ্যিক উদ্বেগ তৈরি হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!