যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে ঘিরে উত্তেজনা; আহত ৮ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ PM

মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে ঘিরে উত্তেজনা; আহত ৮ পুলিশ

ছবি : সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে উত্তেজিত জনতার গণপিটুনি থেকে রক্ষা করতে গিয়ে পুলিশের ৮ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আরও দুজনকে আটক করেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বরুড়া উপজেলার আড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বরুড়া থানা পুলিশ জানিয়েছে, আটক শিক্ষক আতিক উল্লাহ ফয়জুনে মদিনা মডেল মাদরাসার সঙ্গে যুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই মাদরাসার এক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ওঠার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

পুলিশের দাবি, অভিযুক্তকে থানায় নেওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধাক্কাধাক্কি হয়। এতে উপপরিদর্শক (এসআই) মিশন চৌধুরীসহ ৮ পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ সদস্যরা অভিযুক্ত শিক্ষককে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছে।

বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!