যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ PM

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাই দারুসসালামের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং সরাসরি আকাশ যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ব্রুনাইয়ে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ আগ্রহী। দুই দেশের পারস্পরিক স্বার্থে জনশক্তি সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার।

বৈঠকে ব্যবসায়ী পর্যায়ে সরাসরি যোগাযোগ (বিজনেস-টু-বিজনেস) বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আম রপ্তানির সুযোগ বাড়াতে আরও বেশি বাজার সুবিধা দেওয়ার আহ্বান জানান।

ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান এসব প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

এই গ্রুপ বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!