যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ PM

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের কয়েক ঘণ্টা পরেই রাশিয়ার একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

বুধবার (২৯ জুলাই) ইউক্রেনের সামরিক সদর দপ্তর জানিয়েছে, রাতের আঁধারে রাশিয়ার রিয়াজান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইউক্রেনের দাবি, হামলার পর রাশিয়ার অন্যতম বৃহৎ এই তেল শোধনাগারে আগুন ধরে যায়। রিয়াজান শোধনাগারটির বার্ষিক তেল প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা প্রায় ১ কোটি ৭০ লাখ টন।

এই শোধনাগার থেকে পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য উৎপাদন করা হয়। ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত স্থাপনাটিকে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়।

রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন নিয়মিত দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে আসছে। কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সামরিক সক্ষমতা ও অর্থনীতির ওপর চাপ বাড়াতেই এসব হামলা চালানো হচ্ছে।

এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনের জন্য সামরিক, আর্থিক ও কূটনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রতিটি দিন রাশিয়ার জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠতে হবে। আগ্রাসন ঠেকাতে এবং যুদ্ধ শেষের পথ তৈরি করতে চাপ অব্যাহত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, ড্রোন হামলার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রোন প্রতিহত করার সময় কয়েকটি শিল্প স্থাপনায় আগুন লাগে বলেও জানান তিনি।

তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো তেল শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ধারাবাহিক হামলা চলমান যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলের অংশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!