যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ঢাকা থেকে বগুড়া-বরিশাল, শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ল দেশজুড়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৩:৩১ PM

৩৪৯
ঢাকা থেকে বগুড়া-বরিশাল, শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ল দেশজুড়ে

ছবি : সংগৃহীত

 

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকার পাশাপাশি বগুড়া ও বরিশালেও আন্দোলনে নামেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের ভোগান্তি বিবেচনা না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সকাল থেকেই অবস্থান নেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা কলেজের সামনে এবং আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যায়। পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেন।

আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ত্রুটি ছিল। তারা বলেন, আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলো তুলনামূলক কঠিন করা হয়েছে। এতে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন।

তাদের আরও অভিযোগ, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। কেউ কেউ কেন্দ্রে যেতে সমস্যায় পড়েছেন, আবার কারও পরীক্ষার কাগজপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সায়েন্সল্যাবের কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে গেলে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসি সড়কে অবস্থান নেন। এদিকে, রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে মিছিল বের করেন তারা। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বরিশালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। দুপুর সোয়া ১২টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শিক্ষার্থীরা জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।

এইচএসসি পরীক্ষা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!