যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

পটুয়াখালীতে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:২৬ PM

পটুয়াখালীতে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় ৬ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম মুরাদিয়া মুহেব্বিয়া হাফিজিয়া ইলমুল কিরাত দ্বিনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি ইব্রাহিম। তিনি পটুয়াখালী সদর উপজেলার চারাবুনিয়া এলাকার বাসিন্দা এবং ওই মাদরাসার শিক্ষক।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা আবাসন প্রকল্প এলাকায়। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে সোমবার দুপুরে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের করা মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!