যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়ির

রামগড়ে প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা, চালক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ PM ২০
রামগড়ে প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা, চালক আটক

খাগড়াছড়ির রামগড়ে আটক প্রাইভেট কারের চালক খালিদ হোসেন ও উদ্ধার করা গাঁজা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে সন্দেহজনক গতিতে চলা একটি প্রাইভেট কারের পিছু নিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার এলাকায় গাড়িটি আটক করা হয়। এ ঘটনায় গাড়ির চালক মো. খালিদ হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ।

আটক খালিদ খাগড়াছড়ি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রাতু মিরাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা হুমায়ুন কবির।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগতির গাড়িটি জালিয়াপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় বাসিন্দাদের সন্দেহ হয়। গাড়ি থামানোর চেষ্টা করা হলেও চালক না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা হাফছড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন গাড়িটির পিছু নেন। একপর্যায়ে নাকাপা বাজার এলাকায় গাড়িটির পথ আটকে দেওয়া হয়। এ সময় উত্তেজিত কয়েকজন গাড়িটির সামনের কাচ ভাঙচুর করেন। এতে চালক সামান্য আহত হন বলে সংবাদসূত্রে জানানো হয়েছে।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাইভেট কারটিও জব্দ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক চালককে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।

ওসি আরও জানান, উদ্ধার করা মাদকের উৎস এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি রামগড় ৪০ কেজি গাঁজা উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!