মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর থেকে সাভারের আশুলিয়া হয়ে গাজীপুর—তিন শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে কয়েকটি স্থানে সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আশুলিয়ায় সকাল ১০টার পর আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে স্থানীয় অনন্ত কারখানা এবং পরে হা-মীম কারখানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়ক আটকে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দিলে পরিস্থিতি সংঘাতের দিকে গড়ায়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ছুড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস ও ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মাঠে রয়েছেন।
এদিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়েও সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক আটকে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের রাস্তা ছেড়ে দিতে বললে আন্দোলনকারীদের দিক থেকে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করতে এসেছিলেন, পরে পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ ও মৌচাক মোড় এলাকায় সকাল সাড়ে ৮টা থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের অবস্থানের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। একপর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মৌচাক, পল্লী বিদ্যুৎ, সুফিপুর ও হরিণঘাটী এলাকার পোশাক কারখানাগুলোতে সাময়িক ছুটি ঘোষণা করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
পোশাকশ্রমিকদের বিক্ষোভ মিরপুর আশুলিয়া গাজীপুর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!