বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
ভারতের পৌরাণিক কাহিনিতে বর্ণিত পুষ্পক রথের সঙ্গে আধুনিক উড়ন্ত গাড়ির তুলনা করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাঁর দাবি, প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত যান ব্যবহারের ধারণা ছিল। আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারণায় অংশ নিয়ে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার নতুন গাড়ির প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সম্প্রতি সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ, রবি দুবে, রকুল প্রীত সিং এবং পরিচালক নীতেশ তিওয়ারি। আলোচনায় উঠে আসে রামায়ণের পৌরাণিক অস্ত্র, অলৌকিক সৃষ্টি ও বিভিন্ন উপকরণের প্রসঙ্গ।
সাক্ষাৎকারে টেসলার নতুন গাড়ির কথা উল্লেখ করে রণবীর বলেন, ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছেন। তবে তাঁর মনে হয়, ভারত পাঁচ হাজার বছর আগেই এমন প্রযুক্তি দেখিয়েছে। মূলত রাবণের ব্যবহৃত বলে বর্ণিত আকাশযান পুষ্পক রথের সঙ্গে টেসলার নতুন প্রজন্মের রোডস্টারের তুলনা করছিলেন অভিনেতা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার আলোচিত রোডস্টারের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়েছে। প্রায় এক দশক আগে গাড়িটি তৈরির ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রদর্শনীতে গাড়িটিকে উল্টো অবস্থায় চলতে, শূন্যে উল্টে কিছুক্ষণ ভেসে থাকতে এবং পরে মাটিতে অবতরণ করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই প্রদর্শনীর সঙ্গে রামায়ণের পৌরাণিক বর্ণনার মিল খুঁজে রণবীরের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে পুষ্পক রথের বর্ণনা পৌরাণিক আখ্যানের অংশ; সেটিকে পাঁচ হাজার বছর আগের বাস্তব উড়ন্ত গাড়ির প্রযুক্তিগত প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।
রণবীর কাপুর পুষ্পক রথ রামায়ণ সিনেমা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!