যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন ছাড়, সিদ্ধান্ত বিআরটিএর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ PM ৪
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন ছাড়, সিদ্ধান্ত বিআরটিএর

মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রদর্শনের নিয়মে সংশোধন এনেছে সরকার। ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে শিথিলতা এনেছে সরকার। নতুন সংশোধনী অনুযায়ী, মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে মিল রেখে সামনের প্লেটে নিবন্ধন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি বিভিন্ন মাপের বিপরীতমুখী আলো প্রতিফলনকারী বা রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতাও পেয়েছে সংস্থাটি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা সংশোধিত প্রজ্ঞাপনটি রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। এর আগে ২৮ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়মে আগের পদ্ধতিতে নম্বরপ্লেট ব্যবহারের সুযোগ বহাল থাকছে। তবে বিআরটিএর বিশেষ অনুমোদন পেলে মোটরসাইকেলের সামনের প্লেটে নিবন্ধন নম্বর এক সারিতে লেখা যাবে। এ ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং মোটরযানের শ্রেণি বোঝাতে ব্যবহৃত অক্ষরের পর নির্ধারিত মাপের হাইফেন ব্যবহারের বিধান রাখা হয়েছে।

সংশোধনীতে নম্বরপ্লেটের বিভিন্ন অংশের মাপ ও বিন্যাস নির্ধারণের দায়িত্বও বিআরটিএর হাতে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নামের আকার, যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের অনুপাত, প্লেটের ওপরের ফাঁকা জায়গা এবং নম্বরের ধারাবাহিক অংশগুলোর মধ্যবর্তী দূরত্ব। এসব বিষয়ে সংস্থাটি প্রয়োজন অনুযায়ী নির্দেশনা ও অনুমোদন দিতে পারবে।

এ ছাড়া সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি ১০ থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত বিধান প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

মোটরসাইকেল নম্বরপ্লেট বিআরটিএ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!