যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ PM ৪
ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে বিধ্বস্ত উড়োজাহাজের দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে ক্রেসহ্যাভেন এলাকার একটি লোকালয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন থেকে প্রায় ৯ মাইল বা ১৪ দশমিক ৪৮ কিলোমিটার দূরে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিনের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। এতে চালকসহ মোট নয়জন ছিলেন। পাম বিচের ক্রেসহ্যাভেন এলাকায় আছড়ে পড়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্তের নেতৃত্ব দিচ্ছে এনটিএসবি। তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এফএএ।

এদিকে উদ্ধার ও জরুরি সেবার কাজ নির্বিঘ্ন রাখতে দুর্ঘটনাস্থলের আশপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রেস্টহেভেন বুলেভার্ড ও টেনথ অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়কটি বন্ধ রাখার পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। এ কারণে এলাকাটি এড়িয়ে চলতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উড়োজাহাজটিকে দ্রুত নিচের দিকে নেমে আসতে দেখা যায়। এরপর সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এসব ভিডিও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয় না।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে উড্ডয়ন করে। দুর্ঘটনার ঠিক আগে এটি প্রায় ৪১ হাজার ফুট উচ্চতায় ছিল।

ফ্লোরিডায় বিমান দুর্ঘটনা উড়োজাহাজ বিধ্বস্ত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!