যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

শাকিল হত্যা মামলায় মিন্টুর আরও দুই দিনের রিমান্ড

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ PM | সর্বশেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ PM ৪
শাকিল হত্যা মামলায় মিন্টুর আরও দুই দিনের রিমান্ড

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলার আসামি নুরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নতুন করে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার আমলি আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন। মামলার নতুন তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শফিকুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়েছিলেন।

এর আগে তিন দিনের রিমান্ডে ছিলেন মিন্টু। গত শুক্রবার সেই মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই সময়ই নতুন তদন্ত কর্মকর্তা আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে মামলাটি থানা-পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছিল।

তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সোমবারের শুনানিতে মিন্টুর আইনজীবী দ্বিতীয় দফায় রিমান্ডের বিরোধিতা করেন। তাঁর যুক্তি ছিল, এরই মধ্যে একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাই আবার রিমান্ডের প্রয়োজন নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, আগের জিজ্ঞাসাবাদ হয়েছিল ভিন্ন তদন্ত কর্মকর্তার অধীনে। নতুন তদন্ত কর্মকর্তারও মামলার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শফিকুল ইসলাম আরও জানান, শুনানির সময় মিন্টুকে আদালতে হাজির করা হয়েছিল। আদেশের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরে হামলার শিকার হন ৩২ বছর বয়সী শাকিল ইসলাম। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। ওই দিন হাসপাতালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে অবরুদ্ধ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরবর্তী সময়ে বাবার কথায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মিন্টু।

এ ঘটনায় করা হত্যা মামলায় আনিসুর রহমান ও মো. আল-আমিন নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

শাকিল ইসলাম হত্যা নুরুজ্জামান মিন্টু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!