ছবি: সংগৃহীত
বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগের কেন্দ্র বা আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত "Saudia and HSBC: Powering Global Connectivity—Celebrating Saudia’s Journey in Bangladesh" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে এভিয়েশন খাতে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সরকারের উদ্যোগে দেশের বিমানবন্দর অবকাঠামো আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক এয়ারলাইন্স, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তাই বৈশ্বিক অংশীদারদের বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতার জন্য সরকার স্বাগত জানায়।
অনুষ্ঠানে মন্ত্রী বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘ ৪৬ বছরের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি লাখো যাত্রীর আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার পাশাপাশি প্রবাসী কর্মীদের যাতায়াত এবং হজ ও ওমরাহ পালনকারী যাত্রীদের নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। এর মাধ্যমে সৌদিয়া বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া, সৌদিয়া, এইচএসবিসি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে এভিয়েশন খাতের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!