যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ইনফান্তিনোকে তীব্র আক্রমণ তেবাসের, তদন্তে মার্কিন কংগ্রেসও

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৯ PM

ইনফান্তিনোকে তীব্র আক্রমণ তেবাসের, তদন্তে মার্কিন কংগ্রেসও

ছবি : সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ-পরবর্তী একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। একই সঙ্গে সম্ভাব্য দুর্নীতি ও বিশেষ সুবিধা আদায়ের অভিযোগে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটি।

বিশ্বকাপ শেষ হওয়ার পর ১৫ পৃষ্ঠার একটি দীর্ঘ ইনস্টাগ্রাম বার্তায় ইনফান্তিনো সমালোচকদের উদ্দেশে লিখেছিলেন, যারা ফিফাকে ঘৃণা করতে সময় ব্যয় করছেন, তাদের উচিত ‘ধ্যান করা, প্রার্থনা করা অথবা একটি ফুটবল ম্যাচ দেখা।’ এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানান তেবাস।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লা লিগা সভাপতি লেখেন, ইনফান্তিনোর ওই বার্তা ‘বাজে’ এবং ‘লজ্জাজনক’। তার মতে, ফুটবল আবেগ, ঐক্য ও উদযাপনের প্রতীক হলেও স্বচ্ছতা, সুশাসন এবং জবাবদিহিতা কোনোভাবেই ঘৃণার প্রকাশ নয়; বরং এগুলো প্রতিটি প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্ব।

তেবাস আরও বলেন, একটি শক্তিশালী প্রতিষ্ঠান সমালোচকদের ছোট করার পরিবর্তে তাদের প্রশ্নের জবাব দেয়। ইনফান্তিনোর সাম্প্রতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ঠিক এখনই কেন এই আত্মরক্ষামূলক সুর? এমন কোনো ঘটনা কি ঘটছে, যা আমরা এখনও জানি না?”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটি ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য অনিয়মের অভিযোগ তদন্ত করছে। কমিটির দাবি, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে ফিফার জন্য বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের আওতায় রয়েছে ফিফা-সংশ্লিষ্ট শত শত মিলিয়ন ডলারের দুর্নীতির মামলাগুলোতে প্রভাব খাটানোর অভিযোগ, বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্ত।

কমিটির চিঠিতে আরও বলা হয়েছে, গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়া কথিত ‘ফিফা পিস প্রাইজ’ এবং ট্রাম্প টাওয়ারে অফিস ভাড়া নেওয়ার বিষয়টিও তদন্তের অংশ। এসব পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

তদন্তের স্বার্থে আগামী ৯ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট নথি ও তথ্য জমা দিতে ইনফান্তিনোর কাছে অনুরোধ জানিয়েছে হাউস জুডিশিয়ারি কমিটি।

তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!