যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

ফাইনালে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২১ AM

৫২
ফাইনালে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ব্যাটারের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার খেলায় ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে রাজশাহী। এ নিয়ে বিপিএলের ইতিহাসে ফাইনালে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে একটি রেকর্ড গড়লেন তিনি।

২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন। তানজিদ ৬২ বল খরচায় ৭ টি ছক্কা ও ৬টি চারে ১০০ রানের ইনিংস খেলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবাবে ব্যাট করতে নেমে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

অন্যদিকে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকার করে রেকর্ড গড়েছেন চট্টগ্রামের শরীফুল ইসলাম। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করে এই আসরে ২৬তম উইকেট নিলেন টাইগার এই পেসার। এ নিয়ে ১২ ম্যাচে ২৬ উইকেট শিকার করেন তিনি। পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। গতবার দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসান। রাজশাহীর সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ধীর গতিতে রান তুলতে থাকেন। প্রথম দুই ওভার কিছুটা সতর্ক হয়েই খেলেছেন তারা। যদিও বড় শট খেলার চেষ্টাও ছিল ফারহানের মধ্যে। শরীফুল ইসলামের প্রথম ওভারে মাত্র ১ রান এলেও মুকিদুলের করা পরের ওভারে এসেছে ১টি বাউন্ডারিসহ ৮ রান। সব মিলে পাওয়ারপ্লেতে ৬ ওভারে ৪০ রান তুলতে পেরেছেন তারা। তবে উইকেট হারায়নি রাজশাহী। মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করেন তামিম।

অনেক চেষ্টার পর ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে এসে প্রথম উইকেটের দেখা পেল চট্টগ্রাম রয়্যালস। মুকিদুলের বলে কাভার বাউন্ডারিতে ক্যাচ দিয়েছেন ফারহান। তার ৩০ বলে ৩০ রানের ইনিংসে থেমেছে রাজশাহীর ৮৩ রানের উদ্বোধনী জুটি। এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন কেন উইলিয়ামসন। তানজিদকে সঙ্গ দেন তিনি। ৫৪ রানের মাথায় জীবন পান তানজিদ। আমের জামালের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে হাতে নিয়েও ধরে রাখতে পারেননি মুকিদুল। ক্যাচ মিসের পর মুকিদুলের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন বোলার জামাল।

এবার ইনিংসের ১৫.৪ ওভারে ১৩০ রানে উইলিয়ামসনকে হারায় রাজশাহী। ভেঙেছে তানজিদের সঙ্গে তার ৪৭ রানের জুটি। শরীফুলের বলে নাঈমের হাতে ক্যাচ দিয়েছেন উইলিয়ামসন। আগের বলেই মিডউইকেট দিয়ে ছক্কা মারেন। উইলিয়ামসন ফিরেছেন ১৫ বলে ২৪ রান করে। এরপর ২২ গজে ফেরেন আরেক কিউই ব্যাটার জিমি নিশাম। চট্টগ্রামের হয়ে খরুচে আমের জামাল। ৪ ওভার বোলিং করে ৪৩ রান দিয়েছেন তিনি। এর মধ্যে সর্বশেষ ওভারেই (ইনিংসের ১৭তম) খরচ ১৭ রান। এই ওভারে তানজিদ একটি কঠিন ক্যাচ দিয়েছিলেন। তবে শর্ট থার্ডম্যানে থাকা ফিল্ডার নিতে পারেননি।

এর আগে ৫৪ রানে বেঁচেছিলেন আমেরের বলে মুকিদুলের হাতে ক্যাচ দিয়ে। সেই তামিমই ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে দুর্দান্ত শতক তুলে নিলেন। ৬১ বলে বিপিএলে ব্যক্তিগত তৃতীয় সেঞ্চুরি করলেন তিনি। এরপর আর ক্রিজে টিকতে পারেননি তামিম। পরের বলে মুকিদুল তাকে ফেরান, ক্যাচটি ধরেন সেই আমের জামাল। সাজঘরে ফেরার আগে ৬২ বল খরচায় ৭টি ছক্কা ও ৬ টি চারে ১০০ রানের ইনিংস খেলেন তামিম।

শেষদিকে ৭ বলে ১১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া ৬ বলে ৭ রানে অপরাজিত ছিলেন জিমি নিশাম। চট্টগ্রামের হয়ে শরীফুল ও মুকিদুল ২টি করে উইকেট শিকার করেন। এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির মর্যাদা পাচ্ছেন শরীফুল। তার নিকটবর্তী বোলার সিলেট টাইটান্সের নাসুম আহমেদ (১৮)। শরীফুল এই আসরে ২৬৯ বল করেছেন, রান দিয়েছেন ২৬২। সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট। ১০.০৭ গড় ও ৫.৮৪ ইকোনমি রেটে বিপিএল শেষ করলেন তিনি। নোয়াখালি এক্সপ্রেসের বিপক্ষে তার সেরা বোলিং ছিল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!