যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ এখন কী করবে

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২৫ AM

৬৮
বাংলাদেশ এখন কী করবে

ভারত থেকে আসন্ন টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনেও বলা হয়েছে, ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিআরসিতে পাঠানোর অনুরোধ জানিয়ে আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি মূলত একটি স্বাধীন সালিশি সংস্থা, যা আইসিসি, সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে থাকে। সাধারণত অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান না হলে এই কমিটি হস্তক্ষেপ করে।

মুস্তাফিজুর রহমানকে তার ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে ছেড়ে দিলে নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারত থেকে টি২০ বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সহআয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নিতে একাধিকবার আবেদন জানায় বিসিবি। গত বুধবার আইসিসি বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বোর্ড সভায় ভোটাভুটি অনুযায়ী বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে তারা ভারত সফরের ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিনের সময়সীমা বেঁধে দেয়।

বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে জারুরি বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন,‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।’ একই সুর শোনানোর পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড তাদের লড়াই চালিয়ে যাবে।

আইনজীবীদের সমন্বয়ে গঠিত স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি আইসিসির বিষয়বস্তু সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করে। বিসিবি আশা করে যে আইসিসি অনুরোধে সাড়া দেবে এবং ভেন্যু পরিবর্তনের দাবিটি বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠাবে। সমস্ত অভ্যন্তরীণ প্রতিকার শেষ হয়ে গেলে আইসিসি বিরোধ নিষ্পত্তি কমিটি আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সম্পর্কিত মামলার শুনানি করতে পারে। ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন,‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই। আইসিসি থেকে সুবিচার পাইনি। এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার অধিকার যেটা শ্রীলঙ্কা আমাদের খেলার সুযোগ করে দিয়েছে এবং বহু নজির পৃথিবীতে আছে যে, অন্য একটা ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকির কারণে খেলা হচ্ছে।’

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!