শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার আরও বড় জয় পেল বাংলাদেশ। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে এবার সাবিনা খাতুনদের দুর্দান্ত পারফরম্যান্সে রীতমতো বিধ্বস্ত হলো পাকিস্তান। শুক্রবার থাইল্যান্ডের ব্যাঙ্ককের নানথাবুরি হলে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশে।
চার গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। অন্য গোলটি নিলুফা ইয়াসমিন নীলার। প্রতিযোগিতায় এ নিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করল সাবিনারা। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ৯।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে দিনের আরেক ম্যাচে ভুটানের বিপক্ষে ভারত হারলেই চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা! অথবা মালদ্বীপের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই সর্বোচ্চ পয়েন্ট নিয়ে পাবে শিরোপার স্বাদ। আগেরদিনই পাকিস্তানের কাছে ৫-১ গোলের হারে শিরোপার রেস থেকে ছিটকে যায় ছেলেরা। সেখানে প্রথমবার ফুটসাল খেলতে গিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শিরোপার সুবাস পাচ্ছে লাল-সবুজের মেয়েরা।
গুছিয়ে উঠতে শুরুতে খানিকটা সময় নেয় বাংলাদেশ। ৭ মিনিটে শুরু হয় পাকিস্তানের জালে বল পাঠানোর উৎসব। মাতসুশিমা সুমাইয়ার বাড়ানো বল থেকে গোল করেন সাবিনা খাতুন। কৃষ্ণার পাস ধরে ডানদিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে।
পরের মিনিটেই ব্যবধান ২-০ করেন নীলা। ১০ মিনিটে আরেক দফা পাকিস্তানের জালে বল পাঠায় বাংলাদেশ, এবার গোলদাতা নৌশিন। দুই মিনিট পর নিজের জোড়া আর দলের চতুর্থ গোলটি করেন তিনি। প্রথমার্ধের শেষদিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোল করে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। সুমাইয়ার পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে, জায়গা বানিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা। এরপর নীলার পাসে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সাবিনা। সাফ নারী ফুটসালে এবারের আসরে প্রথমার্ধে ৬ গোল করতে পারেনি আর কোনো দলই।
দ্বিতীয়ার্ধে আক্রমণের বেগ কিছুটা কমায় বাংলাদেশ। ২৭ মিনিটে গোলও হজম করতে পারত। তবে সে যাত্রায় জাল অক্ষুণ্ন রেখে ৩২ মিনিটে কৃষ্ণা রানীর গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০। তাঁর শট প্রথমবার পাকিস্তানের গোলকিপার, তবে ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে জাল খুঁজে নেন কৃষ্ণা। ৩৩ মিনিটে একমাত্র গোলটি হজম করে বাংলাদেশ। পরের মিনিটেই সুমাইয়ার একটি শট বক্সের বাইরে এসে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন পাকিস্তানের গোলকিপার। এরপর ফ্রি কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা।
শেষ মিনিটে আরও একটি গোল করেন বাংলাদেশের অধিনায়ক। এদিকে আগেরদিনই সাফ ফুটসালে পাকিস্তানের কাছে ৫-১ গোলের হারে শিরোপার রেস থেকে ছিটকে যায় বাংলাদেশের ছেলেরা। ম্যাচের ১৫ মিনিটে চারজনের দলে পরিণত হয় পাকিস্তান। প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগও নিতে পারেনি বাংলাদেশ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!