ছবি : সংগৃহীত
জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে বহু মানুষ আটকা পড়েছেন। একই ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতাও কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থার (JMA) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এর মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর দেশের প্রধান দ্বীপ কিউশুর বিভিন্ন স্থানে আগুন লেগেছে। কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পে অন্তত ১২টি বাড়ি ধসে পড়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনেও আগুন লাগার খবর পাওয়া গেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও করা হচ্ছে। তবে বিভিন্ন এলাকা থেকে আহত হওয়ার খবর, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, অগ্নিকাণ্ড, সড়ক ও সেতুর ক্ষতি এবং ভবন ধসের তথ্য পাওয়া গেছে।
সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির একটি ঘটেছে ‘কাশিমা’ শহরের একটি বহুতল শপিং মলে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মলটির দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ায় ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
এর আগে পুলিশ জানিয়েছিল, ওই শপিং মলে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর পেয়েছিল তারা। তবে তখন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামির সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি মূল্যায়নের পর কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!