ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া। দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানন বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রামানন বলেন, বৈঠকে কর্মী নিয়োগের সময়সীমা, প্রক্রিয়া, বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয় দেশ এখন একটি গ্রহণযোগ্য ও কার্যকর সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে।
তিনি জানান, আগামীকাল অথবা পরশুর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এরপর দুই দেশের সুবিধা অনুযায়ী যৌথভাবে অথবা পৃথকভাবে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকলেও, বর্তমানে সেটি সংশোধনের চেয়ে শ্রমবাজারের জরুরি চাহিদা পূরণ করাই উভয় সরকারের প্রধান অগ্রাধিকার।
তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ প্রয়োজনীয় জনশক্তি সরবরাহে প্রস্তুত রয়েছে। অন্যদিকে মালয়েশিয়ার বিভিন্ন শিল্পখাত, বিশেষ করে খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতে উল্লেখযোগ্য শ্রমিক সংকট দেখা দিয়েছে। রেস্তোরাঁসহ সেবাখাতে কর্মীর চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত জনবল নিয়োগের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের শ্রমবাজার সহযোগিতা আরও শক্তিশালী করবে এবং মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!