যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

লালবাগে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, কোস্টগার্ডের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ PM

লালবাগে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, কোস্টগার্ডের অভিযান

ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা লালবাগ থানার বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা।

কোস্টগার্ড জানায়, উদ্ধার করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, পরিবেশের ক্ষতি রোধে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!