যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM

৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী

ছবি : সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী।

তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল। বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লতিফ সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা বাংলাদেশের প্রতিষ্ঠিত ইতিহাসের অংশ। তার মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তবে সবাই সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নিয়ে নিহত হননি; পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নির্যাতন এবং যুদ্ধকালীন নানা পরিস্থিতির কারণে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞ, নির্যাতন, অগ্নিসংযোগ, বাস্তুচ্যুতি, চিকিৎসার অভাব এবং যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনাই মুক্তিযুদ্ধের সামগ্রিক মানবিক বিপর্যয়ের অংশ।

লতিফ সিদ্দিকী আরও বলেন, ৩০ লাখ শহীদের বিষয়টি শুধু সম্মুখযুদ্ধে নিহত মানুষের সংখ্যা বোঝায় না। বরং পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতার কারণে প্রাণ হারানো বাঙালিদের সামগ্রিক ক্ষয়ক্ষতির প্রতিফলন হিসেবে এই সংখ্যা ব্যবহৃত হয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন কোনো ব্যক্তি দলিল-দস্তাবেজের মাধ্যমে পূর্বপুরুষের সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করতে পারেন, তেমনি ইতিহাস বিকৃতির মাধ্যমেও শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা হতে পারে।

তিনি আরও মন্তব্য করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি তৈরি না করে ঐতিহাসিক সত্য ও ত্যাগের প্রতি সম্মান জানানো প্রয়োজন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!