বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সময় দলের অনেক কর্মী-সমর্থককে অনিশ্চয়তার মধ্যে ফেলে গেছেন। তিনি বলেন, যারা অন্যায় করেননি, তাদের পাশে বিএনপি থাকবে এবং কোনোভাবেই যেন নির্দোষ কেউ শাস্তির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর খুররমখাঁ আদর্শকলোনীতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চাইলেও বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষকে সমান নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি।
পথসভায় লিফলেট বিতরণকালে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান এবং বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। অতীতে ক্ষমতায় থেকে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে দলের। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই জনগণের আস্থা নিয়ে আবারও দেশের উন্নয়নে কাজ করতে চায় বিএনপি।
তিনি আরও বলেন, মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে যারা জনগণকে ভুল পথে নিতে চায়, তাদের বিরুদ্ধে সচেতন হতে হবে। দেশ রক্ষায় সবাইকে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন বিএনপি মহাসচিব। তিনি দাবি করেন, এ নির্বাচন তার জীবনের শেষ নির্বাচন হতে পারে—এমন আশঙ্কা থেকেই সবার কাছে দোয়া ও ভোট চান।
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একাধিক মামলায় দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে তাকে। কারাবন্দি অবস্থায় স্ত্রীর গুরুতর অসুস্থতার খবর পেলেও তিনি আদর্শ থেকে সরে আসেননি। একইভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কখনো আপস করেননি বলে উল্লেখ করেন তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!