যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না: ভারতকে জামায়াতের আমীর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ AM

১৮১
আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না: ভারতকে জামায়াতের আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে মুক্তিকামী মানুষের জাগরণ দেখে কিছু মহল অস্বস্তিতে পড়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না, কিন্তু আমাদের বিষয়ে নাক গলানো বন্ধ করতে হবে। আমাদের নিয়ে যথেষ্ট হস্তক্ষেপ করা হয়েছে।”
শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের বিচারব্যবস্থার কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, তাঁদের দলের ১১ জন কেন্দ্রীয় নেতাকে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, আমিরে জামায়াত মতিউর রহমান নিজামী এবং সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহানকেও পরিকল্পিতভাবে জেলে হত্যা করা হয়। তিনি বলেন, “সেদিন চোখের পানি পাবনায় রেখে গিয়েছিলাম। তাঁরা যে স্বপ্ন নিয়ে বিদায় নিয়েছেন, আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।”
আসন্ন জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “আমরা কি আবার সেই স্বৈরাচার দেখতে চাই? ১৫ বছর ধরে আমরা নিপীড়িত ছিলাম। পরিবর্তনের পরও ধৈর্য ধরেছি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানেই স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া। যদি ‘হ্যাঁ’ ভোট পরাজিত হয়, তবে সরকার গঠন হলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতারা কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা মামলাবাজির সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, বিগত সরকারের আমলে তাঁদের দলের এক হাজারের বেশি নেতা-কর্মী নিহত এবং প্রায় ৭০০ জন গুম হয়েছেন। দীর্ঘ সময় দলীয় কার্যালয় বন্ধ ছিল, অনেক নেতার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এসব নির্যাতনের পরও প্রতিশোধের রাজনীতিতে না যাওয়ার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, সবাই আইনের সমান সুযোগ পাবে। তবে আধিপত্যবাদী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। তিনি ‘বস্তাপচা’ রাজনীতিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান।
পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দলের শীর্ষ ও স্থানীয় নেতারা। সভায় পাবনার বিভিন্ন আসনের প্রার্থীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!