যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ PM

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত বেড়ে ২০

ছবি : সংগৃহীত

ইরাকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্যারামিলিটারি গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ)।

বুধবার (২৯ জুলাই) ইরাকের বিভিন্ন এলাকায় পিএমএফের অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

পিএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বাসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এতে কয়েকটি সামরিক সদরদপ্তর, যানবাহন ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিএমএফের ৩০ নম্বর ব্রিগেড জানিয়েছে, নিনেভেহ প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাত দফা বিমান হামলা চালানো হয়। শুধু ওই এলাকাতেই ১০ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি জরুরি বৈঠক ডেকেছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর নিনেভেহ ও বাসরা প্রদেশের কয়েকটি এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বাসরায় উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের দেখা যায়।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি একটি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর পর এর জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সৌদি আরবও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা নতুন করে কোনো উত্তেজনা চায় না। তবে পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইরাক, ইরান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জটিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!