যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ঢাবিতে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি জোরালো, সিন্ডিকেট সভায় আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ PM

ঢাবিতে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি জোরালো, সিন্ডিকেট সভায় আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’কে নিষিদ্ধ করার দাবি আরও জোরালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে এবং প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে বলে একাধিক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করবেন। সভায় ‘নীল দল’কে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপিত হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কয়েকটি সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে সংগঠনটির সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

এর আগে সোমবার (২৭ জুলাই) ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা’ ব্যানারে শতাধিক শিক্ষক উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে ‘নীল দল’কে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় এবং জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিতর্কিত ভূমিকা পালন করেছেন—এমন অভিযোগে ১২৫ জন শিক্ষকের একটি তালিকাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য প্রকাশ করা হয়নি। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পর এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানা যেতে পারে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!